Image

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় কাজ হারাচ্ছেন অস্কারজয়ী সুজান সারান্ডন

ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে একের পর এক সিনেমার কাজ হারাচ্ছেন বলে জানিয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুজান সারান্ডন। ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’–এর প্রচারে গিয়ে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী।

সারান্ডনের অভিযোগ, ফিলিস্তিন ইস্যুতে তাঁর অবস্থানের কারণে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ এখন তাঁকে এড়িয়ে চলছেন। এমনকি কয়েকটি সিনেমার কাজও তাঁর হাতছাড়া হয়েছে বলে জানান তিনি।

সারান্ডন বলেন, ‘আমার কয়েকটি সিনেমার কাজও সম্প্রতি কেড়ে নেওয়া হয়েছে। কিছু এজেন্সি এখনো মানুষকে বলছে, যেন আমাকে কাজে নেওয়া না হয়।’

তবে পেশাগতভাবে চাপের মুখে থাকলেও সাধারণ মানুষের কাছ থেকে এখনো ভালোবাসা পাচ্ছেন বলে মনে করেন সারান্ডন। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি।

অভিনেত্রীর মতে, ফিলিস্তিনের ইতিহাস এবং যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে ইহুদিবাদীদের সম্পর্ক নিয়ে মানুষের ধারণায় বড় পরিবর্তন এসেছে। একই সঙ্গে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র কী পরিমাণ অর্থ সহায়তা দেয়, সেটিও এখন আগের চেয়ে অনেক বেশি মানুষের কাছে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক মাস পর একটি ফিলিস্তিনপন্থী সমাবেশে অংশ নিয়েছিলেন সারান্ডন। সেখানে দেওয়া তাঁর একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়। ওই ঘটনার পর ট্যালেন্ট এজেন্সি ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি (UTA) তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

অভিনয়জীবনে সুজান সারান্ডন দীর্ঘদিন ধরেই হলিউডের পরিচিত মুখ। ‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার জেতেন তিনি। এছাড়া ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ এবং ‘থেলমা অ্যান্ড লুইজ’–এর মতো সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

এদিকে সারান্ডনের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’ নির্মাণ করেছেন আন্দ্রেয়া পাল্লাওরো। সিনেমাটিতে গায়িকার চরিত্রে অভিনয় করেছেন সারান্ডন। গল্পে মাদকাসক্তি থেকে সেরে ওঠা এক সংগীত প্রযোজককে নিয়ে নতুন অ্যালবাম তৈরির উদ্যোগ নেন তাঁর চরিত্র।

ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন–এর জন্য প্রতিযোগিতা করছে ‘দ্য ইকো চেম্বার’। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার ঘোষণা করা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Details Bottom
Details ad One
Details Two
Details Three