জিদান যুগে ফ্রান্স দলে বড় পরিবর্তন, সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কমছে
- 1
মেসির হেডে গোল, কাসেমিরোর জাদুতে ক্রুজ আজুলকে হারিয়ে চ্যাম্পিয়ন মায়ামি
- 2
রোহিত শর্মাকে নিয়ে সোফিয়া হায়াতের বিতর্কিত মন্তব্য, যা বললেন ভারতীয় তারকা
- 3
রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে ৭-২ গোলে উড়িয়ে বার্সেলোনার ছয় ম্যাচে ছয় জয়
- 4
দেবের বাড়িতে গণেশ পূজায় তারকাদের মেলা, প্রসেনজিতের সঙ্গে বিশেষ মুহূর্ত
- 5
রিয়াদ ছাড়িয়ে শার্লটে WTA Finals, ২০২৭ থেকে নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রে

জিদান যুগে ফ্রান্স দলে বড় পরিবর্তন, সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কমছে
জিদান যুগে ফ্রান্স দলে বড় পরিবর্তন, সংবাদমাধ্যমের প্রবেশাধিকার কমছে
ফ্রান্সের কোচ হিসেবে প্রথম ম্যাচে নামার আগেই নিজের কাজের ধরন স্পষ্ট করে দিয়েছেন জিনেদিন জিদান। দিদিয়ে দেশমের ১৪ বছরের মেয়াদে চালু থাকা বেশ কিছু নিয়ম বদলে নতুন কাঠামো তৈরি করছেন সাবেক এই ফরাসি কিংবদন্তি। যার বড় একটি পরিবর্তন দেখা যাচ্ছে সংবাদমাধ্যমের সঙ্গে জাতীয় দলের যোগাযোগের ক্ষেত্রে।
ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম স্কোয়াড ঘোষণাতেই নতুন নিয়মের শুরু। দেশমের সময়ের মতো এবার দল ঘোষণার সংবাদ সম্মেলন কক্ষে টেলিভিশন ক্যামেরার প্রবেশাধিকার থাকবে না। পুরো আয়োজন এক্সক্লুসিভভাবে ধারণ ও সরাসরি সম্প্রচার করবে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) নিজস্ব চ্যানেলগুলো।
জাতীয় দলের ক্ল্যারফোঁতেন ট্রেনিং সেন্টারেও আসছে পরিবর্তন। দেশমের সময় খেলোয়াড়েরা ক্যাম্পে যোগ দেওয়ার সময় বিভিন্ন সংবাদমাধ্যমকে সরাসরি তা কাভার করার সুযোগ দেওয়া হতো। ফুটবলারদের ক্যাম্পে প্রবেশের দৃশ্যও ধারণ করতে পারতেন সাংবাদিকরা।
জিদানের সময়ে সেই সুযোগ সীমিত করা হচ্ছে। এখন থেকে খেলোয়াড়দের ক্যাম্পে যোগ দেওয়ার ছবি ও ভিডিও ধারণ এবং বিতরণের দায়িত্ব থাকবে এফএফএফের হাতেই।
তবে সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করছেন না জিদান। ট্রেনিং ক্যাম্প চলাকালে ফুটবলারদের সঙ্গে সাংবাদিকদের কথা বলার সুযোগ দিতে বিশেষ ‘মিক্সড জোন’ রাখা হবে। ফলে নির্দিষ্ট পরিসরে সাংবাদিকদের সঙ্গে খেলোয়াড়দের যোগাযোগ থাকছে।
জাতীয় দলের কোচ হিসেবে নিজের প্রথম ফিফা আন্তর্জাতিক বিরতিতে কোনো একক সাক্ষাৎকারও দেবেন না জিদান। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের প্রতিবেদনে বলা হয়েছে, পুরো ক্যারিয়ারজুড়ে যে তুলনামূলক সংরক্ষিত অবস্থান ধরে রেখেছেন, কোচ হিসেবেও সেটিই বজায় রাখতে চান তিনি।
তবে সংবাদমাধ্যম থেকে পুরোপুরি দূরে থাকছেন না জিদান। শুক্রবারের স্কোয়াড ঘোষণা থেকে ৫ অক্টোবর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ পর্যন্ত তাঁর মোট আটটি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা রয়েছে।
আসন্ন আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে চারটি ম্যাচ খেলবে ফ্রান্স। জিদান যুগের প্রথম ম্যাচে ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। এরপর আরও একটি অ্যাওয়ে ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে কিলিয়ান এমবাপ্পে ও ওসমান দেম্বেলেরা।
আন্তর্জাতিক বিরতির শেষ দুই ম্যাচে ঘরের মাঠ স্টাদে দ্য ফ্রান্সে ইতালি ও বেলজিয়ামকে আতিথ্য দেবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।













