৫৩ মিনিটেই ম্যাচ শেষ, ইউএস ওপেনে সাবালেঙ্কার দাপুটে জয়
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

৫৩ মিনিটেই ম্যাচ শেষ, ইউএস ওপেনে সাবালেঙ্কার দাপুটে জয়
৫৩ মিনিটেই ম্যাচ শেষ, ইউএস ওপেনে সাবালেঙ্কার দাপুটে জয়
ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে বাছাইপর্ব পেরিয়ে আসা পোলিনা ইয়াতচেঙ্কোকে উড়িয়ে দিয়েছেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। মাত্র ৫৩ মিনিটে ৬-১, ৬-১ গেমে জয় তুলে নিয়েছেন বেলারুশের এই তারকা।
নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন সাবালেঙ্কা। প্রথম সেটেই প্রতিপক্ষের দুটি সার্ভিস ব্রেক করে দ্রুত এগিয়ে যান তিনি। প্রথম সার্ভে পাওয়া ১৬ পয়েন্টের ১৫টিই জিতে মাত্র ২৪ মিনিটে ৬-১ ব্যবধানে সেটটি নিজের করে নেন।
দ্বিতীয় সেটেও একই দাপট ধরে রাখেন সাবালেঙ্কা। ইয়াতচেঙ্কোকে কোনো সুযোগ না দিয়ে মাত্র ২৯ মিনিটে আবারও ৬-১ গেমে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
জয়ের পর নিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবালেঙ্কা। তিনি বলেন, ‘নিজের পারফরম্যান্সের মান নিয়ে আমি খুশি। অনেক কঠোর পরিশ্রম করেছি। তবে এখন কোর্টে নিখুঁত হওয়ার চেষ্টা থেকে কিছুটা সরে আসছি। আমি জানি, কেউই নিখুঁত হতে পারে না। তাই এই মুহূর্তে আমার কাছে যা আছে, সেটি নিয়েই কাজ করার চেষ্টা করছি।’
নিজের মনোযোগ ধরে রাখতেও সন্তুষ্ট এই বেলারুশিয়ান তারকা। তাঁর ভাষায়, ‘যাই ঘটুক না কেন, নিজের ওপর মনোযোগ ধরে রাখতে পারছি এবং সেই মনোযোগে ধারাবাহিক থাকতে পারছি—এটাই ভালো লাগছে।’
৬-১, ৬-১ ব্যবধানে হারলেও ইয়াতচেঙ্কোর জন্য এবারের ইউএস ওপেন স্মরণীয় হয়ে থাকবে। এটিই ছিল তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যামের মূলপর্ব। বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে এসে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত খেলেছেন তিনি।
প্রথম রাউন্ডে রেনাতা জারাজুয়াকে হারাতে ইয়াতচেঙ্কোকে কঠিন লড়াই করতে হয়েছিল। ৪-৬, ৬-৪, ৭-৬ [১০-৭] ব্যবধানে জেতা সেই ম্যাচটি চলে ৩ ঘণ্টা ২৭ মিনিট।
তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ উজবেকিস্তানের কামিলা রাখিমোভা। শুক্রবার মুখোমুখি হবেন তাঁরা। এর আগে তিনবার দেখা হয়েছে দুজনের, আর প্রতিবারই জয় পেয়েছেন সাবালেঙ্কা।
এই জয়ের মাধ্যমে নিউইয়র্কে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখলেন বিশ্বের এক নম্বর নারী টেনিস তারকা।















