টটেনহামের প্রিমিয়ার লিগ স্কোয়াডে রিচার্লিসন নেই, তুরস্কে যাওয়ার পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

টটেনহামের প্রিমিয়ার লিগ স্কোয়াডে রিচার্লিসন নেই, তুরস্কে যাওয়ার পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
টটেনহামের প্রিমিয়ার লিগ স্কোয়াডে রিচার্লিসন নেই, তুরস্কে যাওয়ার পথে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড
টটেনহাম হটস্পারের প্রিমিয়ার লিগ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন। কোচ রবার্তো দে জার্বির পরিকল্পনায় ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড আর নেই—ক্লাবের পক্ষ থেকে তাঁকে বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রিমিয়ার লিগের দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই রিচার্লিসনকে নিয়ে নিজের পরিকল্পনা পরিষ্কার করেছিলেন জার্বি। এখন তাঁকে বিক্রি অথবা ধারে অন্য ক্লাবে পাঠানোর চেষ্টা করছে টটেনহাম। ইউরোপের কয়েকটি লিগে এখনো দলবদলের সুযোগ থাকায় তাঁর সামনে নতুন ঠিকানা খোঁজার পথ খোলা রয়েছে।
রিচার্লিসনের সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তুরস্কের ত্রাবজোনস্পোর। ক্লাবটির সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে টটেনহাম এখনো ত্রাবজোনস্পোরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণযোগ্য কোনো প্রস্তাব পায়নি।
লন্ডনে ত্রাবজোনস্পোরের সভাপতি এরতুগ্রুল দোগান আলোচনা চালালেও তাঁর প্রায় ২ কোটি পাউন্ডের অনানুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে টটেনহাম। তুর্কি ক্লাবটি এখন বিকল্প হিসেবে ওয়েস্ট হামের ফরোয়ার্ড পাবলোর দিকেও নজর রাখছে।
রিচার্লিসনকে স্কোয়াডের বাইরে রাখার পেছনে টটেনহামের আক্রমণভাগে নতুন সমীকরণও বড় কারণ। ম্যানচেস্টার সিটি থেকে ওমর মারমুশকে ধারে দলে নিয়েছে ক্লাবটি। আগামী গ্রীষ্মে ৬ কোটি পাউন্ডে তাঁকে স্থায়ীভাবে কেনার বাধ্যবাধকতাও রয়েছে চুক্তিতে। পাশাপাশি ইংলিশ স্ট্রাইকার ডমিনিক সোলাঙ্কেও একাদশে জায়গা ধরে রাখার লড়াইয়ে আছেন।
রিচার্লিসনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা অবশ্য নতুন নয়। ব্রেন্টফোর্ডের বিপক্ষে টটেনহামের মৌসুমের প্রথম ম্যাচে তিনি একাদশে ছিলেন। তবে মারমুশের আগমন এবং সোলাঙ্কের পুরোপুরি ফিট হয়ে ওঠার পর তাঁর জায়গা আরও অনিশ্চিত হয়ে পড়ে।
গত জুলাইয়ে প্রাক্-মৌসুম সফরে রিচার্লিসনকে নিয়ে জার্বি বলেছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কখনো ক্লাবে থাকতে চান বলে জানান, আবার কখনো চলে যাওয়ার ইচ্ছার কথা বলেন। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হারের পর তাঁকে বিক্রি হতে পারেন এমন খেলোয়াড়দের তালিকাতেও রাখেন টটেনহাম কোচ।
এর আগে এভারটনের ইলিম্যান এনদিয়ায়েকে পাওয়ার লক্ষ্যে অদলবদল চুক্তিতে রিচার্লিসনকে ব্যবহার করতে চেয়েছিল টটেনহাম। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মূল্য ধরা হয়েছিল প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড। তবে সেই আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রিচার্লিসন ইঙ্গিত দেন, তাঁর ভবিষ্যৎ অন্য কেউ নির্ধারণ করতে পারবেন না।
২০২২ সালে প্রায় ৫ কোটি পাউন্ডে এভারটন থেকে টটেনহামে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ১৩৪ ম্যাচে ৩২ গোল করেছেন রিচার্লিসন। চোটের কারণে তাঁর সময়টা প্রত্যাশামতো কাটেনি। টটেনহামে কখনোই নিয়মিত প্রথম পছন্দের স্ট্রাইকার হয়ে উঠতে পারেননি তিনি।
এখন তুরস্ক, পর্তুগাল কিংবা সৌদি আরবের দলবদলের বাজারে তাঁর জন্য সুযোগ থাকলেও শেষ পর্যন্ত রিচার্লিসন ইংল্যান্ড ছাড়বেন কি না, সেটিই দেখার বিষয়।














