‘ভয় নিয়ে খেলছে পাকিস্তান’, আকিব জাভেদকে আয়নায় মুখ দেখার পরামর্শ গিলেস্পির
- 1
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তদন্তে আসেনসিও, রিয়ালের কড়া বার্তা
- 2
ইংল্যান্ডে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাতে বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের ‘বাধ্য’ করার অভিযোগ
- 3
মেসির সম্মানে দেশের সব ঘরোয়া ম্যাচে ১০ মিনিটে এক মিনিটের করতালি
- 4
লেভানডফস্কির ৪১ গোলের রেকর্ড কেইনের জন্য ‘মিশন ইম্পসিবল’: হামান
- 5
এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, কারাগারে বসেই চক্র চালানোর অভিযোগ

‘ভয় নিয়ে খেলছে পাকিস্তান’, আকিব জাভেদকে আয়নায় মুখ দেখার পরামর্শ গিলেস্পির
‘ভয় নিয়ে খেলছে পাকিস্তান’, আকিব জাভেদকে আয়নায় মুখ দেখার পরামর্শ গিলেস্পির
পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক অস্থিরতা নিয়ে মুখ খুলেছেন দলটির সাবেক কোচ জেসন গিলেস্পি। জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ‘ভয় নিয়ে খেলছেন’ দাবি করে পাকিস্তানের নির্বাচক কমিটির চেয়ারম্যান আকিব জাভেদের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার। এমনকি গিলেস্পির পরামর্শ, অন্যদের দোষারোপ না করে আকিবের নিজের সিদ্ধান্তগুলোর দিকে আয়নায় তাকানো উচিত।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আরও বেড়েছে। সফরের মাঝপথেই টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও পেস বোলিং কোচ উমর গুলকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় সাত ক্রিকেটারকে।
পাকিস্তানের এমন সিদ্ধান্তে হতাশ গিলেস্পি। ২০২৪ সালে প্রায় আট মাস জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা এই অস্ট্রেলিয়ান কোচের অধীনেই ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
‘দ্য অস্ট্রেলিয়ান’কে গিলেস্পি বলেন, ‘আমার খেলোয়াড়দের জন্য খারাপ লাগছে। এটাই তাদের পেশা। বাইরে থেকে মনে হচ্ছে, তারা ভয় নিয়ে খেলছে।’
দল নির্বাচনের সাম্প্রতিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন গিলেস্পি। তাঁর সবচেয়ে বড় বিস্ময় সালমান আলী আগাকে ঘিরে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া সালমান পরের টেস্টেই বাদ পড়েন এবং তৃতীয় টেস্টের আগেই দেশে ফেরত পাঠানো হয়।
গিলেস্পির প্রশ্ন, ‘প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেওয়া সালমান আলী আগা কীভাবে দ্বিতীয় টেস্টেই দলের বাইরে চলে যায় এবং তৃতীয় টেস্টের আগেই বিমানে দেশে ফিরে যায়? এটা কীভাবে সম্ভব?’
পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য সরাসরি আকিব জাভেদকে দায়ী করেছেন গিলেস্পি। তাঁর ভাষায়, ‘আকিব জাভেদের অধীন তাদের দল নির্বাচনের কোনো কৌশল নেই, সেটা স্পষ্ট। তারা প্রতিদিন নিজেদের সিদ্ধান্ত বদলায়—যেভাবে প্রতিদিন পোশাক বদলায়।’
কিছুদিন আগে পাকিস্তানের খারাপ পরিস্থিতির জন্য গিলেস্পি ও সাবেক কোচ গ্যারি কারস্টেনকে দায়ী করেছিলেন আকিব। সেই বক্তব্যের জবাবও দিয়েছেন গিলেস্পি।
তিনি বলেন, ‘সম্প্রতি পাকিস্তানের যা কিছু হচ্ছে, তার জন্য আকিব জাভেদ গ্যারি কারস্টেন ও আমাকে দায়ী করেছেন। অথচ দুই বছর ধরে আকিবই নির্বাচক কমিটির চেয়ারম্যান। আমরা তো সেখানে ছিলামই না। আমার মনে হয়, তাঁর নিজের চেহারা আয়নায় দেখা উচিত।’
শুধু দল নির্বাচন নয়, ক্রিকেটারদের সঙ্গে টিম ম্যানেজমেন্টের যোগাযোগের ধরন নিয়েও ক্ষুব্ধ গিলেস্পি। বাদ পড়া ক্রিকেটাররা সরাসরি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে নয়, বরং পরিবার, বন্ধু কিংবা গণমাধ্যমের মাধ্যমে নিজেদের বাদ পড়ার খবর জেনেছেন—এমন অভিযোগ করেছেন তিনি।
গিলেস্পির ভাষায়, ‘আকিব জাভেদের সঙ্গে খেলোয়াড়দের কোনো যোগাযোগ নেই। অথচ নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে খেলোয়াড়দের সঙ্গে তাঁরই যোগাযোগ রাখার কথা। যেসব খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে, তারা পরিবার, বন্ধু এবং গণমাধ্যমের কাছ থেকে শুনেছে যে তাদের বাদ দেওয়া হয়েছে। এটা কতটা অসম্মানজনক!’
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে পাকিস্তানের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। হেডিংলিতে প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হারের পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারে তারা। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর এজবাস্টনে।
পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গিলেস্পির পাশাপাশি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, শোয়েব মালিক ও সাবেক কোচ মিকি আর্থারও প্রশ্ন তুলেছেন। আর্থার তো পুরো ঘটনাকেই বলেছেন ‘একেবারে হাস্যকর’।
এদিকে ইংল্যান্ড সফরের বাকি সময় পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের মাইক হেসন ও অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকেকে। হেসন আগে থেকেই পাকিস্তানের সাদা বলের দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।













