মেসিকে যুক্তরাষ্ট্রেই থাকতে বললেন রিকেলমে, ‘ওকে এখন নিজের মতো করে ফুটবল উপভোগ করতে দিন’
- 1
‘তুমি অমর’—মেসির বিদায়ে আবেগে ভাসলেন মার্তিনেজ, দি পল ও সতীর্থরা
- 2
আর্চার-টাংদের পেস আক্রমণে ২০০৫ অ্যাশেজজয়ী দলের ছায়া দেখছেন ট্রেসকোথিক
- 3
নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
- 4
সিরিজের মাঝপথে কোচ ছাঁটাই, ৭ ক্রিকেটার বাদ—পাকিস্তান ক্রিকেটে কী চলছে!
- 5
অশ্রুসিক্ত বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন লিওনেল মেসি

মেসিকে যুক্তরাষ্ট্রেই থাকতে বললেন রিকেলমে, ‘ওকে এখন নিজের মতো করে ফুটবল উপভোগ করতে দিন’
মেসিকে যুক্তরাষ্ট্রেই থাকতে বললেন রিকেলমে, ‘ওকে এখন নিজের মতো করে ফুটবল উপভোগ করতে দিন’
একসময় আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির গল্পটা ছিল শুধুই আক্ষেপ আর হতাশার। একের পর এক ফাইনালে উঠেও শিরোপা জিততে না পারার কষ্ট ছিল তাঁর নিত্যসঙ্গী। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপসহ সম্ভাব্য সব শিরোপা জিতে সেই আক্ষেপের অবসান ঘটিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিকে বিদায় বলেছেন মেসি। এখন তাঁর ওপর আর কোনো প্রত্যাশার চাপ না দিয়ে নিজের মতো করে ফুটবল উপভোগ করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন তারকা হুয়ান রোমান রিকেলমে। এমনকি মেসির ক্যারিয়ারের শেষ সময়ে তাঁকে আর্জেন্টিনায় ফিরে না গিয়ে যুক্তরাষ্ট্রেই থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে মেসির ভূয়সী প্রশংসা করেন রিকেলমে। তাঁর মতে, মেসি যা অর্জন করেছেন, এরপর আর্জেন্টাইনদের উচিত শুধু তাঁকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো।
রিকেলমে বলেন, ‘আমাদের উচিত মেসিকে আরও বেশি ধন্যবাদ জানানো। ও যা করেছে, এরপর আমরা মেসির কাছে আর কী চাইতে পারি? মেসি নিজের স্বপ্ন পূরণ করেছে, আমাদের স্বপ্নও পূরণ করেছে। মেসি সর্বকালের সেরা কি না জানি না, তবে সে সেরাদের একজন। কোনো ফুটবলার এত বছর ধরে সেরা পর্যায়ে থাকতে পারেনি। এটা অবিশ্বাস্য।’
জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ সংগ্রামের কথাও স্মরণ করেছেন রিকেলমে। শুরুতে ব্যর্থ হলেও শেষ পর্যন্ত কীভাবে মেসি সব প্রতিকূলতা জয় করেছেন, সেটিও তুলে ধরেন তিনি।
‘আর্জেন্টাইনরা মেসিকে যে ভালোবাসা দিচ্ছে, সবটুকুই ওর প্রাপ্য। কারণ, মেসি নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে। অনেক কষ্ট করেছে। শুরুতে জিততে পারেনি, অনেক সংগ্রাম করেছে। শেষ পর্যন্ত মেসি সবকিছু অর্জন করেছে। ঈশ্বর মেসির প্রতি ন্যায়বিচার করেছে। এখন আমাদের উচিত শুধু মেসিকে ভালোবাসা এবং আর্জেন্টিনা ও বিশ্ব ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া।’
মেসির সঙ্গে রিকেলমের সম্পর্কও দীর্ঘদিনের। জাতীয় দলে একসঙ্গে খেলেছেন তাঁরা। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে সোনার পদকও জিতেছেন। এমনকি ২০২৩ সালে রিকেলমের বিদায়ী ম্যাচেও উপস্থিত ছিলেন মেসি। মেসির আগে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সিও পরেছেন রিকেলমে।
মেসির সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়েও কথা বলেছেন সাবেক এই মিডফিল্ডার। তাঁর ভাষায়, ‘আমি সব সময় মেসির সঙ্গে কথা বলি। আমাদের সম্পর্কটা দারুণ। মেসি আমাকে খুব ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। আমি ওর সঙ্গে আরও অনেক বেশি খেলতে চেয়েছিলাম। তবে যতটুকু খেলতে পেরেছি, সেটাই আমার জন্য সৌভাগ্যের।’
মেসির মতো আরেকজন খেলোয়াড় আর্জেন্টিনা ভবিষ্যতে পাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন রিকেলমে। তবে ম্যারাডোনার পর মেসিকে পাওয়াকে আর্জেন্টিনার জন্য বড় সৌভাগ্য হিসেবে দেখছেন তিনি।
রিকেলমে বলেন, ‘আমরা আর কখনো মেসির মতো খেলোয়াড় পাওয়ার সৌভাগ্য অর্জন করব কি না, জানি না। ম্যারাডোনা মারা যাওয়ার পর আমরা ভেবেছিলাম, এমন কেউ আর আসবে না। এরপর এমন একজন এল, যিনি তাঁর মতোই ভালো, কিংবা আরও ভালো। আমরা আর্জেন্টাইনরা খুবই ভাগ্যবান।’
জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনো সক্রিয় মেসি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি। ক্যারিয়ারের শেষ দিকে শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে ফেরার ইচ্ছার কথাও আগে জানা গিয়েছিল।
তবে রিকেলমে মনে করেন, এখন মেসির আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ফেরার চেয়ে যুক্তরাষ্ট্রেই থাকা ভালো। তাঁর পরামর্শ, ‘এখন মেসিকে যুক্তরাষ্ট্রে যত দিন ইচ্ছা ফুটবল উপভোগ করতে দেওয়া উচিত। আমরা আর্জেন্টাইনরা মেসিকে সব সময় ভালোবাসা ও স্নেহ দেব। আমাদের উচিত মেসিকে একা ছেড়ে দেওয়া। যত দিন মেসি খেলতে চায়, তাকে খেলতে দেওয়া উচিত। ওর জন্য যুক্তরাষ্ট্রে থাকাই ভালো। আর আমরা আর্জেন্টিনার সব ফুটবলপ্রেমী মেসিকে সমর্থন করে যাব।’















