নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
- 1
আর্চার-টাংদের পেস আক্রমণে ২০০৫ অ্যাশেজজয়ী দলের ছায়া দেখছেন ট্রেসকোথিক
- 2
‘তুমি অমর’—মেসির বিদায়ে আবেগে ভাসলেন মার্তিনেজ, দি পল ও সতীর্থরা
- 3
অশ্রুসিক্ত বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন লিওনেল মেসি
- 4
নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
- 5
এমবাপ্পের গোলে রিয়ালের জয়

নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী অন্তর্ভুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অন্তর্ভুক্ত হবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা এখন বলতে পারছি না। এ সম্বন্ধে পরবর্তী সিদ্ধান্ত আসবে যখন তা হবে।’
এর আগে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়। নতুন এই বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর কার্যক্রম শুরু হবে ১ জুলাই ২০২৬ থেকে।
তিন ধাপে কার্যকর হবে মূল বেতন
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে সরকারি কর্মচারীদের মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বেতন-ভাতার অন্যান্য সুবিধাগুলো একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ এবং ২০২৭-২৮—এই দুই অর্থবছরে পর্যায়ক্রমে নতুন মূল বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে।
নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
নতুন জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি গ্রেডের মধ্যে নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রথম গ্রেডে নির্ধারিত মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।
অন্যদিকে ২০তম গ্রেডে মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি কর্মচারীদের জন্য গত ১২ বছর ধরে নতুন কোনো বেতন স্কেল ঘোষণা করা হয়নি। যদিও সাধারণভাবে প্রতি পাঁচ বছর পরপর বেতন কাঠামো পর্যালোচনা ও পরিবর্তনের কথা রয়েছে।
দীর্ঘ সময় ধরে বেতন কাঠামো পরিবর্তন না হওয়ায় সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার ব্যয় ও বাস্তবতার সঙ্গে আয়ের ব্যবধান তৈরি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রায় ২৪ লাখ কর্মচারী উপকৃত হবেন
নতুন বেতন স্কেল পুরোপুরি বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী উপকৃত হবেন।
এ ছাড়া প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অন্যান্য যোগ্য সুবিধাভোগীও নতুন কাঠামোর সুবিধা পাবেন।
সরকারি হিসাবে, নতুন পে স্কেল সম্পূর্ণ বাস্তবায়ন হলে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়েও অপেক্ষা
নতুন পে স্কেলের পাশাপাশি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশ্লিষ্ট এসআরও বা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
এ কারণে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের জন্যও অপেক্ষা করতে হবে।
ওয়েজ বোর্ডের বিষয়েও গতি আসবে
সাংবাদিকদের ওয়েজ বোর্ড নিয়েও প্রশ্ন করা হলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর ওয়েজ বোর্ডের বিষয়টিও নতুন গতি পাবে।
তাঁর ভাষায়, বিষয়টি আর দীর্ঘদিন পড়ে থাকতে পারবে না।
প্রজ্ঞাপন জারি হতে পারে এই সপ্তাহেই
নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কবে জারি হবে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ।’
তিনি আরও জানান, এ ক্ষেত্রে একটি নয়, বরং বেশ কয়েকটি গেজেট ও প্রজ্ঞাপন জারি হতে পারে।
তবে নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
ফলে প্রায় পাঁচ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীকে এ বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে।
















