Image

ফিফার বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব পরিকল্পনায় জড়ানো কুশনারের পাশে ইলন মাস্কের আইনজীবী

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফিফার বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব পরিকল্পনায় জড়ানো কুশনারের পাশে ইলন মাস্কের আইনজীবী

ফিফার বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব পরিকল্পনায় জড়ানো কুশনারের পাশে ইলন মাস্কের আইনজীবী

ফিফার বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব পরিকল্পনায় জড়ানো কুশনারের পাশে ইলন মাস্কের আইনজীবী

ফিফার বিতর্কিত বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে এবার আইনি লড়াইয়ে নামছেন মার্কিন ভেঞ্চার ক্যাপিটালিস্ট জশুয়া কুশনার। নিজের পক্ষে মামলা লড়তে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পাইরোকে নিয়োগ দিয়েছেন তিনি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবিত ওই পরিকল্পনায় বড় টুর্নামেন্টের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছিল। কুশনারের প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটাল সেই পরিকল্পনায় বিনিয়োগে আগ্রহী গোষ্ঠীর নেতৃত্বে ছিল।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কুশনার পরিবারের সদস্য জশুয়া কুশনার দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই। বিতর্কের মুখে ইনফান্তিনো শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করেন। পরে কুশনারও স্বীকার করেন, এর সঙ্গে যুক্ত হওয়া নিয়ে তিনি অনুতপ্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, কুশনারের হয়ে আইনি লড়াই করবেন নিউইয়র্কভিত্তিক আইনজীবী অ্যালেক্স স্পাইরো। ২০১৫ সালের দুর্নীতি কেলেঙ্কারি প্রকাশের পর ফিফার প্রতিনিধিত্ব করে আসা আইনজীবী প্রতিষ্ঠান কুইন ইমানুয়েলের সঙ্গে যুক্ত স্পাইরো।

উয়েফার আইনি চ্যালেঞ্জের মুখে পড়া কুশনারের কাছ থেকে ইনফান্তিনোর পরিকল্পনা-সংক্রান্ত যোগাযোগ ও বিভিন্ন তথ্য চেয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। একই সঙ্গে সুইজারল্যান্ডে ইনফান্তিনোর বিরুদ্ধে সম্ভাব্য ফৌজদারি মামলার প্রস্তুতিও নিচ্ছে উয়েফা।

কুশনার দাবি করেছেন, পরিকল্পনাটি নিয়ে এত বড় ধরনের বিরোধ তৈরি হবে—তা আগে বুঝতে পারলে তাঁর প্রতিষ্ঠান কখনোই এতে যুক্ত হতো না।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এফএফইর মূল উদ্দেশ্যের প্রতি আমাদের সমর্থন এখনো রয়েছে। তবে বিশ্ব ফুটবলের ভেতরের রাজনৈতিক জটিলতা বুঝতে আমরা ব্যর্থ হয়েছি। বিষয়টি যে এমন রূপ নেবে, তা আগে থেকে জানতে পারলে আমরা কখনোই এতে যুক্ত হতাম না।’

এদিকে উয়েফার আইনজীবীদের আদালতে জমা দেওয়া নথিতে ফিফার বিভিন্ন টুর্নামেন্টের ২০ শতাংশ স্বত্ব ৪২০ কোটি ডলারে বিক্রির প্রস্তাবকে অত্যন্ত কম মূল্যায়ন হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি, এই মূল্য কোনো উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক নিলামের মাধ্যমে নির্ধারিত হয়নি এবং স্বাধীন কোনো মূল্যায়নও করা হয়নি।

আইনি নথিতে আরও বলা হয়েছে, সুইজারল্যান্ডের আইনে আর্থিক অব্যবস্থাপনার অভিযোগে ইনফান্তিনো ও ফিফার সম্ভাব্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিষয়টি বিবেচনা করছে উয়েফা ও তাদের আইনজীবীরা।

কুশনারের আইনজীবী হিসেবে অ্যালেক্স স্পাইরোর নিয়োগও কম আলোচিত নয়। ২০১৮ সালে থাইল্যান্ডের গুহায় আটকে পড়া কিশোর ফুটবল দলের উদ্ধারকারী এক সদস্যকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ইলন মাস্কের বিরুদ্ধে হওয়া মানহানির মামলায় তাঁর পক্ষে লড়েছিলেন স্পাইরো। ২০১৯ সালে সেই মামলায় মাস্ক জয় পান। অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলাতেও স্পাইরোর আইনি ভূমিকা ছিল। র‍্যাপার জে-জির আইনজীবী হিসেবেও কাজ করেছেন তিনি।

এখন ফিফার বিশ্বকাপ স্বত্ব পরিকল্পনা ঘিরে জটিল আইনি লড়াইয়ে কুশনারের হয়ে স্পাইরোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হয়, সেটিই দেখার বিষয়। uefa ও ফিফার মধ্যে এই বিরোধ শেষ পর্যন্ত ইনফান্তিনোর নেতৃত্ব এবং বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থায় কতটা প্রভাব ফেলে, সেদিকেও নজর থাকবে ফুটবল বিশ্বের। 

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three