মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে, আলোচনায় যাঁদের নাম
- 1
আর্চার-টাংদের পেস আক্রমণে ২০০৫ অ্যাশেজজয়ী দলের ছায়া দেখছেন ট্রেসকোথিক
- 2
‘তুমি অমর’—মেসির বিদায়ে আবেগে ভাসলেন মার্তিনেজ, দি পল ও সতীর্থরা
- 3
অশ্রুসিক্ত বিদায়: আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন লিওনেল মেসি
- 4
নতুন পে স্কেলে এমপিও শিক্ষকদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
- 5
এমবাপ্পের গোলে রিয়ালের জয়

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে, আলোচনায় যাঁদের নাম
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে, আলোচনায় যাঁদের নাম
২০০৯ সালের ২৮ মার্চ। ভেনেজুয়েলার বিপক্ষে ৪–০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে নতুন এক অধ্যায়ের শুরু করেছিলেন লিওনেল মেসি। সেদিনই প্রথমবার জাতীয় দলের ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি। এরপরের ১৭ বছরে সেই জার্সি আর মেসি যেন হয়ে উঠেছিলেন একে অপরের সমার্থক।
আর্জেন্টিনার হয়ে ১০ নম্বর জার্সি পরে মেসি খেলেছেন ১৭২ ম্যাচ। তাঁর আগে দিয়েগো ম্যারাডোনা, হুয়ান রোমান রিকেলমে, আরিয়েল ওর্তেগা কিংবা মারিও কেম্পেসের মতো কিংবদন্তিরা এই জার্সির মর্যাদা বাড়িয়েছেন। তবে দীর্ঘ সময় ধরে জার্সিটিকে নিজের করে নেওয়া এবং সাফল্য-প্রভাবে এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেসির অধ্যায়ই সবচেয়ে উজ্জ্বল।
আর্জেন্টিনায় ১০ নম্বর শুধু একটি জার্সি নয়, এটি দলের সৃজনশীলতা, নেতৃত্ব ও প্রত্যাশার প্রতীক। এই জার্সি গায়ে যে খেলোয়াড় মাঠে নামেন, তাঁর কাছেই থাকে সমর্থকদের সবচেয়ে বড় প্রত্যাশা। তাই মেসির অবসরের পর সবচেয়ে বড় প্রশ্ন—এবার কার গায়ে উঠবে আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর?
মেসির অনুপস্থিতিতে তাঁর দীর্ঘ ক্যারিয়ারে ১৭ জন খেলোয়াড় এই জার্সি পরেছেন। সবচেয়ে বেশি সাতবার ১০ নম্বর জার্সি গায়ে তুলেছেন সের্হিও আগুয়েরো। আনহেল কোরেয়া পরেছেন পাঁচবার। আবার ২৮টি ম্যাচে জার্সিটি ছিল খালি—যেন মেসির ফিরে আসার অপেক্ষায়।
এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে হবে। নতুন একজনকে নিতে হবে মেসির উত্তরাধিকার।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘এল গ্রাফিকো’ সম্ভাব্য উত্তরসূরিদের তালিকায় বেশ কয়েকজনের নাম সামনে এনেছে। তাঁদের মধ্যে আছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, লাওতারো মার্তিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস পাজ, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস গঞ্জালেস।
তবে সবাইকে সমান সম্ভাবনাময় মনে করা হচ্ছে না।
মেসির উপস্থিতিতে সর্বশেষ ১০ নম্বর জার্সি পরেছিলেন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। প্রতিভাবান এই মিডফিল্ডার ভবিষ্যতের বড় তারকা হতে পারেন, কিন্তু এত দ্রুত মেসির উত্তরাধিকার তাঁর কাঁধে তুলে দেওয়ার সম্ভাবনা তুলনামূলক কম।
সবচেয়ে জোরালো প্রার্থীদের একজন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। লিভারপুলেও তিনি ১০ নম্বর জার্সি পরেন। মাঝমাঠে তাঁর সৃজনশীলতা, বল নিয়ন্ত্রণ এবং খেলা বোঝার ক্ষমতা তাঁকে এই ঐতিহাসিক জার্সির জন্য যথেষ্ট উপযুক্ত করে তুলেছে।
এর বাইরে আলোচনায় আছে এনজো ফার্নান্দেজের নামও। আর্জেন্টিনার হয়ে এখনো ১০ নম্বর জার্সি পরেননি তিনি। তবে লিওনেল স্কালোনির মাঝমাঠে এনজো গুরুত্বপূর্ণ একজন। আক্রমণ গড়ে তোলা থেকে শুরু করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ—সব ক্ষেত্রেই তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
আরেকটি সম্ভাবনাময় নাম নিকোলাস পাজ। মাত্র ২১ বছর বয়সেই নিজের প্রতিভার ছাপ রাখতে শুরু করেছেন তিনি। ক্লাব পর্যায়ে ১০ নম্বর জার্সি পরেন পাজ। জাতীয় দলে তাঁর অভিজ্ঞতা এখনো সীমিত হলেও ভবিষ্যতের আর্জেন্টিনা দলের অন্যতম মুখ হিসেবে তাঁকে দেখা হচ্ছে।
লাওতারো মার্তিনেজও পিছিয়ে নেই। ইন্টার মিলানে তাঁর গায়ে ১০ নম্বর জার্সি, পাশাপাশি ক্লাবটির নেতৃত্বও দিয়েছেন। গোল করার সামর্থ্য ও নেতৃত্বের গুণ—দুটিই আছে তাঁর। তবে প্রশ্ন হলো, মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর কি আবার কোনো স্ট্রাইকারের গায়ে উঠবে?
শেষ সিদ্ধান্ত অবশ্যই কোচ লিওনেল স্কালোনির। তিনি যাঁকেই বেছে নিন না কেন, নতুন ১০ নম্বরের দায়িত্বটা হবে বিশাল।
কারণ তিনি শুধু একটি জার্সি পাবেন না। তাঁর কাঁধে থাকবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের ভার, কোটি সমর্থকের প্রত্যাশা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ—লিওনেল মেসির সঙ্গে তুলনা।
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর কে হবেন, সেই উত্তর হয়তো খুব শিগগিরই মিলবে। তবে একটি বিষয় নিশ্চিত—এই জার্সির সঙ্গে মেসির যে অধ্যায় লেখা হয়েছে, সেটি শেষ করার মতো উত্তরাধিকারী খুঁজে পাওয়া সহজ হবে না।













