Image

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে রায়োকে ৫-২, লা লিগায় বার্সেলোনার হ্যাটট্রিক জয়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে রায়োকে ৫-২, লা লিগায় বার্সেলোনার হ্যাটট্রিক জয়

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে রায়োকে ৫-২, লা লিগায় বার্সেলোনার হ্যাটট্রিক জয়

ইয়ামাল-রাফিনিয়ার জোড়া গোলে রায়োকে ৫-২, লা লিগায় বার্সেলোনার হ্যাটট্রিক জয়

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলবন্যার ম্যাচে ৫-২ ব্যবধানে জয় তুলে নিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন রাফিনিয়া ও লামিন ইয়ামাল। অন্য গোলটি এসেছে প্রতিপক্ষের আত্মঘাতী ভুল থেকে।

কাম্প নউয়ে সোমবার শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। প্রায় ৬৭ শতাংশ পজেশন রেখে স্বাগতিকরা গোলের জন্য ২৬টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। বিপরীতে রায়ো ভাইয়েকানোর ১১ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

তবে ম্যাচের শুরুটা বার্সেলোনার জন্য ছিল কিছুটা অস্বস্তির। ১২তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে আলভারো গার্সিয়ার কাটব্যাক ধরে শক্তিশালী শটে রায়োকে এগিয়ে দেন সের্হিও কামেয়ো।

পিছিয়ে পড়েও ভেঙে পড়েনি বার্সেলোনা। ১৯তম মিনিটে শাভি এস্পার্তের পাস ধরে বক্সে ঢোকার মুখে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিচু শটে সমতা ফেরান রাফিনিয়া।

এর কিছুক্ষণ পরই এগিয়ে যায় স্বাগতিকরা। রায়ো রক্ষণ বল পরিষ্কার করতে ব্যর্থ হলে মার্ক বের্নালের পাস থেকে বল পেয়ে দুর্দান্ত বাঁ পায়ের শটে গোল করেন লামিন ইয়ামাল। কাছের পোস্টের ওপরের কোণা দিয়ে বল জালে জড়ান এই স্প্যানিশ তারকা। চলতি আসরে এটি ছিল ইয়ামালের প্রথম গোল।

প্রথমার্ধের শেষদিকে বার্সেলোনার ব্যবধান আরও বাড়তে পারত। অ্যান্থনি গর্ডনের শট গোলরক্ষক ঠেকিয়ে দেওয়ার পর জুল কুন্দে কাছ থেকে বল জালে পাঠালেও ভিএআর যাচাইয়ের পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

বিরতির পর অবশ্য আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ৫১তম মিনিটে বাঁ দিক থেকে গর্ডনের পাস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান রায়োর ডিফেন্ডার লুজিন।

তবে হাল ছাড়েনি সফরকারীরা। ৫৯তম মিনিটে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন কামেয়ো। এতে ম্যাচে আবারও উত্তেজনা ফিরে আসে।

৬৯তম মিনিটে বার্সেলোনার সামনে বড় সুযোগ এসেছিল। বদলি হিসেবে নামা ফের্মিন লোপেসের শট গোললাইনের ওপর থেকে দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন রায়োর এক ডিফেন্ডার।

এর কিছুক্ষণ পরই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বার্সেলোনা। বক্সের মধ্যে অ্যান্থনি গর্ডনের চমৎকার ব্যাকহিল ফ্লিক থেকে বল পেয়ে রাফিনিয়া নিজের দ্বিতীয় গোলটি করেন। এতে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সেলোনার বড় জয় নিশ্চিত করেন ইয়ামাল। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে এগিয়ে গিয়ে সতীর্থের কাছ থেকে পাস পান তিনি। এরপর বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে পাঠিয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ১৯ বছর বয়সী এই তারকা।

এই জয়ে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে উঠেছে বার্সেলোনা। সমান ৯ পয়েন্ট থাকা রিয়াল মাদ্রিদ গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটাও তাই হয়েছে দুর্দান্ত। প্রথম তিন ম্যাচে দলটি করেছে মোট ১২ গোল, যার মধ্যে রাফিনিয়ার একারই পাঁচটি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three